গাজীপুরের পুবাইল এলাকায় আল আদিয়াত সায়র হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রেমিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার জেরে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে নারায়ণগঞ্জ ও টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযানে চালিয়ে তাসলিমা আক্তার, সৌদিপ্রবাসী আরাফাত হোসেন, সাকিব খান, নয়ন মিয়া, নুরুজ্জামান শ্যামল ও রাকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের বাসিন্দা তাসলিমা আক্তারের সঙ্গে নিহত আল আদিয়াত সায়রের প্রেমের সম্পর্ক ছিল। গোপনে তাসলিমার আপত্তিকর ছবি ধারণ করে বন্ধুদের কাছে শেয়ার করে আদিয়াত। পরে তাসলিমার সঙ্গে আরাফাতের নতুন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানার পর আরাফাত তাসলিমাকে দেশে এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরিকল্পনা অনুযায়ী আরাফাত ২ নভেম্বর দেশে ফিরে আসেন। পরদিন তাসলিমা আদিয়াতকে নিয়ে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান। সেখান থেকে তারা গাজীপুরের উলুখোলা এলাকায় গেলে হুজাইফা ও ইজিবাইকের চালক রাকিব মিলে পুবাইলের বিন্দান রোডে নিয়ে গলা টিপে হত্যা করেন।
