বিএনপির রাজনীতিতে দলীয় কোনো পদ নেই। অঢেল সম্পদের মালিকও নন। তবু অকৃত্রিম ভালোবাসা আর গভীর শ্রদ্ধাবোধ থেকেই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কুলখানিতে গণভোজের আয়োজন করেছেন এক মুদি দোকানি। তার নাম শহীদ খান।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের বেহেরপাড়া গ্রামে এ গণভোজের আয়োজন করেন তিনি। গণভোজে গ্রামের অন্তত ৪০০ মানুষকে গরুর মাংস দিয়ে রান্না করা খিচুড়ি এবং ডিম পরিবেশন করা হয়। গণভোজে এসে এ আয়োজন দেখে অনেকেই বলেন, একেই বলে খালেদা জিয়ার জন্য ভালোবাসা।
বেগম খালেদা জিয়ার কুলখানি উপলক্ষে শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে মুদি দোকানি শহীদ প্রথমে স্থানীয় মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করেন। পরে উপস্থিত লোকজনের মধ্যে খাবার পরিবেশন করা হয়।
স্থানীয়রা জানান, দীঘিরপাড় বাজারে একটি ছোট মুদি দোকান রয়েছে শহীদ খানের। আর ওই দোকানের আয় দিয়েই তার সংসার চলে। বিএনপির রাজনীতিতে বিশ্বাসী হলেও দলে তার কোনো পদ-পদবি নেই। আবার মুদি দোকানের আয়ে তেমন সম্পদও হয়ে ওঠেনি তার। এমন একজন সাধারণ মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে যে আয়োজন করেছেন তা বিরল উদ্যোগ বলছেন স্থানীয়রা।
মুদি দোকানি শহীদ খান বলেন, ‘আমি কোনো বড় নেতা নই। আমার কোনো পদ-পদবি বা সম্পদ নেই। কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক ছিলেন। জুমার দিনের দোয়ার মাধ্যমে তার জন্য মাগফিরাত কামনা করাই আমার কাছে তার প্রতি বড় সম্মান মনে হয়েছে।’
