শহীদ ওসমান হাদির স্মরণে লঞ্চঘাটের নামকরণ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ এএম

আততায়ীর গুলিতে নিহত শহিদ শরিফ ওসমান হাদির স্মরণে ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় নামফলক উন্মোচনের মাধ্যমে এই নামকরণের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন।

উদ্বোধন শেষে নৌপরিবহন উপদেষ্টা বলেন, শহিদ ওসমান হাদির স্মরণে তার নিজ উপজেলার গুরুত্বপূর্ণ এই লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে। ওসমান হাদি ছিলেন একজন বিপ্লবী আর বিপ্লবীদের কখনো মৃত্যু হয় না। তিনি আরও বলেন, হাদির হত্যাকারীরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। একই সঙ্গে এই হত্যাকা-ের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে বলেও জানান তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিনউদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, শহিদ ওসমান হাদির বোন মাসুমা, ভগ্নিপতি আমির হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা দ্রুত হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। পাশাপাশি এই হত্যাকা-ের নেপথ্যে যারা মাস্টারমাইন্ড হিসেবে জড়িত, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা। শহিদ ওসমান হাদির নামে লঞ্চঘাটের নামকরণকে এলাকাবাসী শ্রদ্ধা ও সম্মানের প্রতীক হিসেবে দেখছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত