চার ভেন্যুতে চার ম্যাচ দিয়ে আজ শেষ হবে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব। নবম রাউন্ড অবশ্য শুরু হয়েছে শুক্রবার। লিগের একমাত্র ম্যাচটি শেষ হয়েছে নিষ্প্রাণ ড্রয়ে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিক ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। লিগে এটি ছিল মোহামেডানের টানা তৃতীয় ড্র। আর ফেডারেশন কাপের ম্যাচ মিলিয়ে টানা চার ম্যাচ ড্র করেছে সাদা-কালোরা। বছরের শুরুটাও তাদের হলো বড্ড সাদামাটা।
এ ম্যাচে নামার আগেই দলের অন্যতম ভরসা মোজাফফরভের মোহামেডান ছাড়ার খবর চাউর হয়। এ উজবেক প্লে-মেকার ব্যক্তিগত কারণ দেখিয়ে মোহামেডান ছাড়ার ঘোষণা দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রায় সাড়ে চার মৌসুম সাদা-কালো জার্সিতে নিজেদের সামর্থ্যরে ছাপ রাখা মোজাফফরভকে ছাড়া মোহামেডান আরও বেশি নড়বড়ে হয়ে পড়ল।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে মোজাফফরভ দেন মোহামেডান ছাড়ার ঘোষণা, ‘আমি মোহামেডানে প্রায় সাড়ে চার বছর কাটিয়েছি। এ সময় আমরা একসঙ্গে অনেক কিছুই জিতেছি। এ ক্লাবের সঙ্গে থাকা ছিল আমাদের জন্য গর্বের। আমরা অনেক ইতিহাস লিখেছি, ছুঁয়েছি অনেক রেকর্ড। সব কিছুর জন্য কৃতজ্ঞতা। পারিবারিক কারণে আমাকে বিদায় নিতে হচ্ছে। তবে তোমাকে কখনোই ভুলব না মোহামেডান।’
শুক্রবার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচটি তাদের খেলতে হয়েছে অধিনায়ক মোজাফফরভকে ছাড়াই। যার প্রভাব তাদের খেলায় ছিল স্পষ্ট। আগের দুই ম্যাচে আরামবাগ ও রহমতগঞ্জের সঙ্গে ড্র করে আসা মোহামেডানকে চেনাই যাচ্ছিল না। অনুপাতে ব্রাদার্স ছিল সপ্রতিভ। তবে ম্যাচের দশম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল সাদা-কালোরা। ঘানাইয়ান স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাং ভালো জায়গায় বল পেয়েছিলেন। তবে তিনি পা ছোঁয়ানোর আগেই পোস্ট ছেড়ে বের হয়ে এসে বলের নিয়ন্ত্রণ নিয়ে নেন ব্রাদার্সের কিপার ইশাক আকন্দ। পাঁচ মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে ব্রাদার্সের নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা বল জালে জড়িয়েছিলেন। তবে অফসাইডের পতাকা আগেই উঠেছিল। অফসাইডে গোলবঞ্চিত হন বোয়েটাংও। প্রথমার্ধের শেষ দিকে দুর্ভাগ্য বরণ করতে হয় তাকে।
বিরতির পর ঢিমেতালে চলতে থাকে খেলা। ম্যাচের ৭২ মিনিটে বক্সের ভেতর থেকে বোয়েটাংয়ের শট রুখে দেন ব্রাদার্স কিপার ইশাক। ৮৫ মিনিটে এগিয়ে যাওয়ার সেরা সুযোগ নষ্ট হয় মোহামেডানের। শফিউল হোসেনের কোনাকুনি পাসে ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি বোয়েটাং। ফলে আরেকটি ড্রয়ে শেষ লিগে মোহামেডানের অর্ধেক পথচলা।
প্রথম পর্ব শেষে মোহামেডানের অবস্থান মোটেই সন্তোষজনক নয়। ৯ ম্যাচে ২ জয়, ৪ ড্র ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আলফাজ আহমেদের দল। ব্রাদার্স সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে আছে ঠিক মোহামেডানের পরের স্থানে।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংস আজ মুখোমুখি হবে ফকিরেরপুলের। টানা দুই ম্যাচ জয়হীন থাকা বসুন্ধরার সংগ্রহ ৮ ম্যাচে ১৭ পয়েন্ট। ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ফর্টিস বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলবে পিডব্লিউডির সঙ্গে। মুন্সীগঞ্জে আজ হবে তিন ও চারের লড়াই। ১৪ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত তিনে আছে রহমতগঞ্জ। ১৩ পয়েন্টে চারে বাংলাদেশ পুলিশ। আর কুমিল্লায় গতবারের চ্যাম্পিয়ন আবাহনী খেলবে তলানির দল আরামবাগের সঙ্গে। ১০ পয়েন্টে আবাহনী আছে পাঁচে।
