ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল শুরু করে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে বিকেল ৫টার দিকে তারা কর্মসূচি শেষ করেন।
এ সময় আন্দোলনকারীরা বলেন, শরিফ ওসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না হলে নির্বাচন হতে দেওয়া হবে না। তারা হত্যাকারীদের ধরতে সরকারকে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহ্বান জানিয়েছেন। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন।
কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো সিক্রেট বৈঠক নেই। দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না।
