বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে চাচা-ভাতিজা নিহত এবং অন্য এক যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে আদমদীঘি থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকা রোডের বড় আখিড়ার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও তার ভাতিজা রাসেল মোল্লা (৩৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের মিজু আহম্মেদ (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বগুড়ার শিবগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই তিনজন মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে যাচ্ছিলেন। প্রচ- কুয়াশায় ঢাকা ছিল সড়ক। অটোরিকশাটি আদমদীঘির বড়আখিড়া মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত হন। অন্য যাত্রী মিজু আহমেদ আহত হন। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
