রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারের বিভিন্ন কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একটি বেকারির কারখানার উৎপাদন নিষিদ্ধসহ আরও দুটি কারখানার খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে। গতকাল বিশুদ্ধ খাদ্য আদালতের উদ্যোগে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বিশুদ্ধ খাদ্য আদালতের উদ্যোগে দৌলতদিয়া বাজারে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রাজবাড়ী বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসান। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য উৎপাদন ও সরবরাহ করার অপরাধে বাজারের এনএস বেকারি কারখানার বিরুদ্ধে নিয়মিত মামলা করে উৎপাদন নিষিদ্ধ করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আসিফুর রহমান বলেন, অভিযানে একটি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ ও দুটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ধ্বংস করা হয়েছে।
