পথহারা বসুন্ধরাকে ছুঁয়ে ফেলল ফর্টিস

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ এএম

শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব। শেষ দিনে হয়েছে নবম রাউন্ডের চার ম্যাচ। নানা ঘটনায় ঠাসা দিনে পথ খুঁজে পায়নি বসুন্ধরা কিংস। টানা তিন ম্যাচে পয়েন্ট খুইয়েছে তারা। শনিবার মানিকগঞ্জে অবশ্য জয়টা প্রত্যাশিত ছিল পাঁচবারের শিরোপাধারীদের। ফকিরেরপুলের বিপক্ষে প্রথম আধ ঘণ্টায় ৩-০ গোলে লিড নিয়েছিল তারা। তবে শেষ ১৫ মিনিটে তিন গোল শোধ করে বসুন্ধরাকে জয়বঞ্চিত করে দলটি। টানা তিন ম্যাচ জয়হীন থাকা বসুন্ধরাকে ছুঁয়ে ফেলেছে ফর্টিস ফুটবল ক্লাব। কিংস অ্যারেনায় তারা ২-০ গোলে হারিয়েছে পিডব্লিউকে। ৯ ম্যাচ শেষে সমান সমান ১৮ পয়েন্ট নিয়ে লিগের প্রথম পর্ব শেষ করেছে বসুন্ধরা ও ফর্টিস। গাজীপুরে পুলিশ ও রহমতগঞ্জের লড়াইটা শেষ হয় ১-১ ড্রয়ে। তাতে রহমতগঞ্জ তিনে ও পুলিশ শেষ করেছে চারে। কুমিল্লায় দুর্বল আরামবাগকে ৩-০ ব্যবধানে হারিয়ে আবাহনী প্রথমপর্ব শেষ করেছে পঞ্চম স্থানে থেকে।

মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বসুন্ধরা নেমেছিল আগের দুই ম্যাচে জয় বঞ্চিত হয়ে। পুলিশের কাছে ২-১ ব্যবধানে প্রথম হারের তেতো স্বাদ পাওয়ার পর সর্বশেষ রাউন্ডে আবাহনীর সঙ্গে হারতে হারতে ড্র করে বসুন্ধরা। গতকাল অবশ্য ২৯ মিনিটেই ৩-০ গোলের লিড নিয়েছিল তারা। তবে শেষ দিকে ফকিরেরপুলের একের পর এক নিখুঁত ফিনিশিংয়ে জয় নিয়ে ফিরতে পারেনি দলটি।

বসুন্ধরা তিন গোল করেছিল ৬ মিনিটের ব্যবধানে। প্রথম গোলটি ২৩ মিনিটে ফকিরেরপুলের রফিকুল ইসলাম থেকে উপহার পাওয়া। ২৫ মিনিটে সোহেল রানা সিনিয়র ব্যবধান বাড়ান। আর ৩২ মিনিটে ৩-০ করেন ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ। এই লিড বসুন্ধরা ধরে রেখেছিল ৭৬ মিনিট পর্যন্ত। এরপরেই তারা দেখতে শুরু করে মুদ্রার অপর দিক। আগের ম্যাচে আবাহনীর সুলেমান দিয়াবাতের পেনাল্টি রুখে দেওয়া আনিসুর রহমান জিকো ১৫ মিনিটের ব্যবধানে হজম করেন তিন গোল। ৭৭ মিনিটে জাহিদ হোসেন ও ৮৪ মিনিটে ইরফান হোসেন গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে বেন ইব্রাহিম গোল করে বসুন্ধরাকে চূড়ান্ত হতাশা উপহার দেন।

কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অবশ্য আবাহনীকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি আরামবাগ ক্রীড়া সংঘ। লিগে টানা দুই ম্যাচ ড্র করে আসা আবাহনী নতুন বছরের শুরুটা করেছে ৩-০ গোলের জয়ে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়ে বসুন্ধরার সমান্তরালে থেকে প্রথমপর্ব শেষ করেছে ফর্টিস। প্রথমার্ধের শেষ দিকে পা ওমর বাবু এবং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ওনিকাচি ওকাফোর গোল করেন। কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি আরামবাগ। নবম মিনিটে সুলেমানে দিয়াবাতের গোলে লিড নেয় আকাশি-হলুদরা। ৪০ মিনিটে ব্যবধান বাড়ান ব্রুনো মাতোস। আর ম্যাচের ৬০ মিনিটে দিয়াবাতে ফের জালের দেখা পান। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রহমতগঞ্জকে ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নিয়েছিলেন সলোমন কিং। প্রথমার্ধের শেষ দিকে পাউলো হেনরিক সে গোল শোধ দিয়ে পুলিশের ১ পয়েন্ট নিশ্চিত করেন।

আজ থেকে শুরু হবে মধ্যবর্তী দলবদল। চলবে জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত। এর মধ্যে অবশ্য গত লিগের সেরা চার দল নিয়ে হওয়ার কথা কোটি টাকার সুপার কাপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত