ট্রাম্পের হামলা যুক্তরাষ্ট্রকে নিরাপদ করবে না: বার্নি স্যান্ডার্স

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের বামপন্থী স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ভেনেজুয়েলায় ডোনাল্ড ট্রাম্পের হামলা যুক্তরাষ্ট্র বা বিশ্ব— কোনোটাকেই নিরাপদ করবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনের এই নির্লজ্জ লঙ্ঘন পৃথিবীর যে কোনো দেশকে সবুজ সংকেত দিচ্ছে— তারা চাইলে অন্য একটি দেশে হামলা চালাতে পারে, তার সম্পদ দখল করতে পারে বা সরকার পরিবর্তন করতে পারে।’

ট্রাম্পের এই পদক্ষেপকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে আগ্রাসনের সঙ্গে তুলনা করে স্যান্ডার্স বলেন, ‘এটাই সেই ভয়ংকর যুক্তি, যেটা ব্যবহার করে পুতিন ইউক্রেনে তার নৃশংস হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন।’

তিনি আরও যোগ করেন, ‘কোনো ভুল করার সুযোগ নেই— এটা নিখাদ সাম্রাজ্যবাদ। এটি লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর কথা মনে করিয়ে দেয়, যার ভয়াবহ উত্তরাধিকার আজও রয়ে গেছে। এই পদক্ষেপকে গণতান্ত্রিক বিশ্বের নিন্দা করা উচিত এবং করা হবে।’

এদিকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত