জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে ২১ বোতল বিদেশী মদ জব্দ করে হল প্রশাসন। গতকাল রবিবার (৪ জানুয়ারী) রাতে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয় বলে জানিয়েছেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। 

আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হলের ৭২৩ নম্বর কক্ষে মাদকদ্রব্য রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করে হল প্রশাসন। অভিযানে বিছানার নিচ থেকে মোট ২১ বোতল মদ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী এসব মাদকদ্রব্য জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছেন বলে স্বীকার করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক জানান, অভিযানে ১৮ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত ফজলে আজওয়াদ গণমাধ্যমকে বলেন, আমি মদ ব্যবসায়ী না। থার্টি ফার্স্ট নাইটে বন্ধুবান্ধব নিয়ে পার্টি করার জন্য মদগুলো আনা হয়েছিল। তবে হঠাৎ এক বন্ধুর বাবা মারা যাওয়ায় পার্টিটা করা সম্ভব হয়নি। সে জন্য রুমেই রাখা ছিল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, অভিযুক্ত আজওয়াদ গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। তবে ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করলেও অভিযুক্ত ছাত্রদলের কর্মী নন বলে দাবি করেছে শাখা ছাত্রদল।

এদিকে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক বিবৃতি প্রকাশিত হয়। সেখানে অভিযুক্ত শিক্ষার্থী ছাত্রদলের কর্মী বা পদধারী কেউ নয় উল্লেখ করে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ফজলে আজওয়াদ নামে একজন শিক্ষার্থীকে ২১ বোতল মদের বোতলসহ আটক করা হয়েছে। আটকের পর থেকেই কিছু সংবাদমাধ্যমে আজওয়াদকে ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অপপ্রচার। আটক শিক্ষার্থী ছাত্রদলের কর্মী বা পদধারী নন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত