বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নাগরিক শোকসভা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে হালুয়াঘাট পৌর শহরে ডিএস মাদরাসা মাঠে অনুষ্ঠিত শোক সভা ও পরবর্তী মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ঘোষিত ৭ দিনের শোক কর্মসূচির শেষ দিনে হালুয়াঘাটে এই শোকসভায় বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
হালুয়াঘাট ডিএস মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে শোক মিছিলটি রেজিস্ট্রি অফিস, হাসপাতাল, উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড, জিরো পয়েন্ট, চৌরাস্তা, চিত্রা হল, শহীদ মিনার হয়ে হাই স্কুল রোডে গিয়ে শেষ হয়।
শোকসভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপি পরিবারের শোক নয়—এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, যিনি ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে আজীবন অবিচল ছিলেন। তিনি ছিলেন গ্রাম-শহরের মানূষের আস্থার ঠিকানা, নির্ভরতার নাম।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার জুলুম, কারাবরণ, নিপীড়ন ও অবিচারের শিকার হয়েছেন। চরম অসুস্থতা সত্ত্বেও তিনি কখনও জনগণের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। তার রাজনীতি ছিল সাধারণ মানুষের জন্য, দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার জন্য নিবেদিত।
প্রিন্স বলেন, দেশনেত্রীর আদর্শ ধারণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক নতুন রাষ্ট্র গঠনের নিশানা স্থির রাখবে।
হালুয়াঘাট বিআরডিবির সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল , উপজেলা জামায়াতে ইসলমীর আমির মোয়াজ্জেম হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, জমিয়তে উলামায়ে ইসলামের মওলানা আমিনুল ইসলাম, হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহম্মদ, আমদানীকারক রপ্তানিকারক সমিতির মহাসচিব অধ্যাপক অশোক কুমার সরকার, আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা স্নিগ্ধা হালদার, সাধারণ পাঠাগারের সভাপতি মজিবর রহমান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ সাহা, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুবীর সরকার, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুভ্রত রেমা, শিক্ষক কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সভাপতি আবু তালেব, ইউপি মেম্বারস অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুল ইসলাম, হালুয়াঘাট প্রেস ক্লাবের সভাপতি হাতেম আলী, সুমন শুভ প্রমুখ উপস্থিত ছিলেন। শোকসভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
