গাজীপুরে শিশু-সন্তানের সামনে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আবু নাহিদ ওরফে হাসান নাহিদ (৩৫) মহানগরীর হাড়িনাল উত্তরপাড়া এলাকার মহন মিয়ার ছেলে।
গত রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গতকাল সোমবার তাকে হাড়িনাল এলাকায় জানাজা শেষে দাফন করা হয়। গত ২৮ ডিসেম্বর রাতে ১১ বছর বয়সী সন্তানের সামনে প্রকাশ্যে সন্ত্রাসীরা নাহিদকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি মারা যান।
গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ও দুঃসময়ের রাজপথের সাহসী সৈনিক গাজীপুর সদর মেট্রো থানা যুবদল নেতা আবু নাহিদ ওরফে হাসান নাহিদকে গত ২৮ ডিসেম্বর রাত সোয়া ৯টায় হাড়িনাল বাজারে তার ১১ বছরের সন্তানের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি মৃত্যুবরণ করেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
