আগামীতে দেশ কীভাবে চলবে, সেই সিদ্ধান্ত জনগণকেই গণভোটের মাধ্যমে নিতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেখতে চায়।’
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গণভোট নিয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করা ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কুমিল্লা জেলার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলী ইমাম মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। বিশেষ করে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অনেক তরুণ এখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। তবে আল্লাহর রহমতে সেই পরিস্থিতির অবসান হতে যাচ্ছে। তিনি বলেন, দেশের মানুষ যাতে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক জনগণ এবং সব ক্ষমতা জনগণের হাতেই ন্যস্ত। তাই দেশ কীভাবে চলবে, সেই সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে জনগণ নেবে। আর কারা দেশ পরিচালনা করবে, সে সিদ্ধান্ত আসবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। নির্বাচন ও গণভোট সম্পর্কে দেশবাসীকে সচেতন ও উদ্বুদ্ধ করতেই এই প্রচারের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, সরকারের প্রচারণার অংশ হিসেবে সুপার ক্যারাভান শুধু জেলা সদরেই নয়, কুমিল্লার বিভিন্ন উপজেলাতেও যাবে। সেখানে গিয়ে গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে মানুষকে সচেতন করা হবে।
জানা যায়, টাউন হল মাঠে সুপার ক্যারাভানের কার্যক্রম দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। সেখানে রাখা মন্তব্য বোর্ড ও মন্তব্য বাক্সে অনেকে নিজেদের মতামত জানান।
