ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ পিএম

নিজ বাড়িতে এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়ার সময় পড়ে আহত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী শতবর্ষী মাহাথির মোহাম্মদ। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, গতকাল এই দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যগত সমস্যায় ভুগে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার এই বর্ষীয়ান নেতা। সবশেষ গত বছর জুলাইয়ে নিজের শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত পিকনিকে অংশ নেওয়ার পর ক্লান্তিজনিত কারণে হাসপাতাল ভর্তি হন তিনি।

মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানান, বাসায় হঠাৎ পড়ে যাওয়ার পর তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়েছে। সেখানে তিনি এখন ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। তবে মাহাথিরের স্বাস্থ্য নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এর আগে সাবেক প্রধানমন্ত্রীর হৃদরোগের চিকিৎসায় বাইপাস সার্জারি করা হয়। ১৯৮১-২০০৩ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। দ্বিতীয় মেয়াদে ২০১৮-২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি; সে সময় তার বয়স ছিল ৯৪ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত