মের্ৎসকে অপহরণের হুমকি মেদভেদেভের

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ পিএম

অতীতে নানা সময়ে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্যের দৃষ্টান্ত আছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের। নিজের নামের প্রতি সে সুনাম ধরে রেখে বিশ্ব রাজনীতি নিয়ে তেমনই এক ‘বোমা ফাটিয়ে’ আবারও সংবাদপত্রের শিরোনাম হয়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎসকেও তুলে নেওয়া হতে পারে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। রবিবার নিকোলাস মাদুরোর মতো অন্য বিশ্বনেতাদেরও অপহরণ করা হতে পারে, এমন হুঁশিয়ারি দেন মেদভেদেভ। নেতাদের মধ্যে আলাদা করে জার্মান চ্যান্সেলরের নাম উল্লেখ করেন। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে একটি চমৎকার এবং মোড় ঘোরানো ঘটনা হতে পারে নব্য-নাৎসি মের্ৎসকে অপহরণ করা। তার মতে, এ পরিস্থিতি মোটেও অবাস্তব নয়। তিনি আরও বলেন, জার্মানিতেই তার বিচার করার মতো যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। এ কারণে, এতে কারও কোনো ক্ষতি হবে না। বিশেষত যখন দেশটির নাগরিকরা বিনা কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।

গত সোমবার জার্মানি মেদভেদেভের এসব উক্তির নিন্দা জানায়। সরকারের মুখপাত্র সেবাস্তিয়ান হিল বার্লিনে গণমাধ্যম ব্রিফিংয়ে বলেন, আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন, আমরা এসব বক্তব্য আমলে নিয়েছি। স্বভাবতই, (জার্মানির) কেন্দ্রীয় সরকার এ ধরনের যেকোনো বক্তব্য ও হুমকির প্রতি কঠোরতম ভাষায় নিন্দা জানাচ্ছে। তিনি জানান, রাশিয়ার হুমকি সত্ত্বেও, চ্যান্সেলর সুরক্ষিত ও নিরাপদ আছেন। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন মেদভেদেভ। সাম্প্রতিক বছরগুলোয় তিনি ক্রেমলিনের উচ্চকণ্ঠ সমর্থক হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন। প্রায় প্রতিদিনই ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে একের পর এক মৌখিক আক্রমণে ব্যস্ত থাকেন এই নেতা। মাদুরোবিষয়ে যুক্তরাষ্ট্রের যাবতীয় দাবি নাকচ করেন মেদভেদেভ।

মের্ৎসের পর ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির দিকে নজর ফেরান মেদভেদেভ। দাবি করেন, দীর্ঘদিন আগেই প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত