জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর কিছু কিছু মিডিয়া জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে। গত সোমবার মধ্যরাতে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বাসায় তার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। সুরভী গাজীপুর আদালত থেকে জামিনে মুক্তিলাভের পর সোমবার মধ্যরাতে তার খোঁজ নিতে টঙ্গীর বাসভবনে ছুটে যান নাহিদ ইসলাম। তিনি সুরভীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি। সুরভী যদি কোনো অন্যায়ও করে থাকতেন, তবে দেশের একজন নাগরিক হিসেবে যে অধিকার ছিল সেটা তিনি পাননি। সুরভীকে যে মামলায় ফাঁসানো হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর কিছু কিছু মিডিয়া জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে। সুরভীর ঘটনা, হবিগঞ্জে এক ছাত্রনেতাকে গ্রেপ্তারের ঘটনা একই সূত্রে গাঁথা। কিছু মিডিয়া জুলাই অভ্যুত্থানের কোনো নেতার বিরুদ্ধে কোনো কিছু পেলেই সত্যমিথ্যা যাচাই না করে তা ঢালাওভাবে প্রচার করে। নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে। আওয়ামী লীগের দোসররা যেন দলে অনুপ্রবেশ না করতে পারে আমাদের দলের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখছে। এ সময় সাংবাদিক ও মিডিয়া হাউজগুলোকে নিরপেক্ষ অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ সময় গাজীপুর নাগরিক পার্টি, যুব শক্তি, ছাত্র শক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
×
