নরসিংদীর পলাশে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মনি চক্রবর্তী (৪০)। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মনি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পলাশের চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন। বাস করতেন সুলতানপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী রাতে তার দোকানে ব্যবসা পরিচালনা করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সুলতানপুরে তার বাড়ির কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রনি চক্রবর্তী বলেন, ‘আমরা একসঙ্গে দোকান বন্ধ করে বের হই। পথে ভাইয়ের ওপর হামলার খবর পাই। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে। আমরা আসামিদের শাস্তির দাবি জানাচ্ছি।’
এদিকে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গতকাল চরসিন্দুর বাজারে বাজার সমিতির ব্যানারে এ মানববন্ধন হয়। এতে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার মোটরসাইকেল, মোবাইল, টাকা সঙ্গেই পড়েছিল। এ ঘটনায় অপরাধীদের আটক করতে কাজ করছে পুলিশ।
