ইউরোপে তুষারপাত ৬ মৃত্যু, কয়েকশ ফ্লাইট বাতিল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:১৩ এএম

ব্যাপক ও ভারী তুষারপাতে ইউরোপ জুড়ে নিহত হয়েছেন ৬ জন এবং বিভিন্ন দেশে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের দুটি পৃথক অঞ্চলে পাঁচজন নিহত হয়েছেন; বাকি একজন দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভোর। ফরাসি কর্র্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফের কারণে দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হন। এছাড়া প্যারিস অঞ্চলে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও দুজন। এর মধ্যে পূর্ব প্যারিসে একটি ভারী পণ্যবাহী যানবাহনের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আর সারায়েভোতে যিনি নিহত হয়েছেন, গাড়ির ওপর গাছ উপড়ে পড়া তার মৃত্যুর কারণ। বসনিয়া হার্জেগোভিনাসহ বলকান অঞ্চলের দেশগুলোতে তুষারপাতের পাশাপাশি চলছে ভারী বর্ষণও।

ফ্রান্সের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোত মঙ্গলবার এক বিবৃতিতে আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বলেছেন, সামনে আরও কয়েক দিন তুষারপাত অব্যাহত থাকবে। নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং বাড়িতে থেকে কাজ করার পরামর্শও দিয়েছেন তিনি। আবহাওয়া দপ্তর ফ্রান্সের মূল ভূখণ্ডের মোট ৯৬টি জেলার মধ্যে ৩৮টিতে তুষারপাতজনিত কমলা সতর্ক সংকেত জারি করে করেছে। তুষারপাতের জেরে ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রধান বিমানবন্দর রোইসি-চার্লস ডি গাউল্লে ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করেছে। একই দিন একই কারণে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের প্রধান বিমানবন্দর শিফোল এয়ারপোর্ট বাতিল করেছে ৪ শতাধিক ফ্লাইট।

এসব ফ্লাইট বাতিলের কারণে ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। স্পেনের নাগরিক জাভিয়ের সেপুলভেদা আমস্টারডাম থেকে নরওয়ে যাওয়ার জন্য শিফোল বিমানবন্দরে এসেছিলেন। কিন্তু আসার পর কয়েক হাজার যাত্রীর মতো তিনিও আটকা পড়েন। রয়টার্সকে বলেছেন, আটকে পড়া যাত্রীদের উদ্বেগের কারণে কোলাহলপূর্ণ, হতাশাজনক এবং বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে বিমানবন্দরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত