শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অত্যন্ত ৩ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে জিজ্ঞেসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুলাই বেপারী কান্দির সাগর বেপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর বেপারীর বাড়ির পাশের একটি রসুন ক্ষেতে সোহান বেপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বিস্ফোরণের আঘাতে ভ্যান চালক সাগর বেপারীর দোচালা টিনের ঘর তছনছ হয়ে যায়। এ ঘটনায় নবীন সরদার, নয়ন মোল্লাসহ তিনজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। এদিকে ফরিদপুর সিআইডি ক্রাইমসিনের ৫ সদস্যর একটি দল ঘটনাস্থলে এসে ঘটনা তদন্ত করছেন।
এদিকে, নিহত সোহানের পরিবারের দাবি, জলিল মাদবরের সমর্থক নাসির বেপারীর লোকজন সোহান বেপারীকে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করেছে। নিহত সোহান বেপারী কুদ্দুস বেপারীর সমর্থক বলে জানা যায়।
জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে ১০ থেকে ১৫ বছর যাবত বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস বেপারী এবং বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকবার সংঘর্ষ জড়ায় তারা। সংঘর্ষে নিহত ও পঙ্গুত্ববরণ করেছে বিলাসপুর ইউনিয়নের অনেকেই। কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের বিরুদ্ধে বিস্ফোরণসহ বিভিন্ন মামলা রয়েছে। এদিকে কুদ্দুস বেপারী জামিনে গিয়ে আত্মগোপনে আছেন। আর জলিল মাদবর শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন।
নিহত সোহান বেপারীর বোন মাজেদা বলেন, আমার ভাই সোহান বেপারীর বিরুদ্ধে মামলা রয়েছে। তাই রাতে বিভিন্ন বাড়িতে ঘুমাতো। জলিল মাদবরের সমর্থক ইউপি সদস্য নাসির বেপারীর লোকজন আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যাকারীদের বিচারের দাবি জানাই।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন বলেন, ১০ থেকে ১৫ বছর যাবত কুদ্দুস বেপারি ও জলিল মাদবর গ্রুপের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়ে আসছে। এরই বলি হলেন সোহান বেপারী। আমরা সংঘর্ষ চাই না, এর থেকে মুক্তি চাই।
ককটেল বিস্ফোরণ হওয়া ঘরের পাশে ভাড়া থাকেন মনিকা আক্তারের পরিবার। তিনি বলেন, ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। উঠে দেখি সাগর বেপারীর ঘর ভেঙে তছনছ হয়ে আছে। আমরা এখন আতঙ্কে আছি।
সাগর বেপারীর স্ত্রী শিল্পী বেগম বলেন, আমার স্বামী ঘরটি নতুন তৈরি করছিল। আমরা ওই ঘরে এখনও যাইনি, পুরোনো বাড়িতে থাকি। ঘরের কাজ চলমান থাকায় ঘরে তালা বদ্ধ ছিল। বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম ভাঙ্গে। যেয়ে দেখি নতুন ঘরটি তছনছ হয়ে আছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, ককটেল বিস্ফোরণে সোহান বেপারী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে খবর পেয়েছি। ককটেল বানানো অথবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। তিনি বলেন, এ ঘটনায় দুইজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি।
শেরপুরে অবৈধ সংযোগ বেড়ে যাওয়ায় গ্যাস না পাওয়ার অভিযোগ গ্রাহকদের
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা সু্প্রিম কোর্টের