বিগ ব্যাশে আবার রিশাদ ম্যাজিক

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১২:১৪ এএম

বিগ ব্যাশ লিগে আবারও নিজের সামর্থ্যরে প্রমাণ দিলেন রিশাদ হোসেন। টানা দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে বল হাতে দারুণভাবে ফিরেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার। তার নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিংয়েই ৩৭ রানের জয়ে হোবার্ট হারিকেন্স পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে।

পার্থ স্কর্চার্স ও সিডনি থান্ডারের বিপক্ষে উইকেট না পাওয়ায় কিছুটা চাপে ছিলেন রিশাদ। তবে অ্যাডিলেডের বিপক্ষে সেই হতাশা ঝেড়ে ফেলেন তিনি। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন রিশাদ। তার শিকার হন হ্যারি মানেনটি, জেমি ওভারটন এবং লুড, যা ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয় হোবার্টের পক্ষে। ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স। ইনিংসের দ্বিতীয় ওভারেই ম্যাথু শটকে ফেরান রাইলি মেরিডিথ। একই ওভারে স্যাকেনজি হার্ভেকেও তুলে নিয়ে তিন বলের ব্যবধানে দুই উইকেট এনে অ্যাডিলেডকে চাপে ফেলেন তিনি। পরের ওভারে নাথান এলিস ক্রিস লিন ও জেসন সাঙ্গারকে ফেরালে মাত্র ৮ রানেই ৪ উইকেট হারিয়ে বসে অ্যাডিলেড।

প্রাথমিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন হ্যারি মানেনটি ও লিয়াম স্কট। ষষ্ঠ ওভারে অধিনায়ক নাথান এলিস প্রথমবার রিশাদকে আক্রমণে আনেন। ওভারের শেষ বলে রিশাদের লুপ করা লেন্থ ডেলিভারিতে এক হাঁটু গেড়ে প্যাডেল সুইপ খেলতে গিয়ে বল নিচু রাখতে ব্যর্থ হন হ্যারি মানেনটি। বল সরাসরি শর্ট ফাইন লেগে বৃত্তের ধারে দাঁড়িয়ে থাকা চৌধুরীর হাতে গিয়ে ধরা পড়ে। তখন অ্যাডিলেডের স্কোর ৫ উইকেটে ৩১।

ওভারের প্রথম বলে আবার উইকেট নেন রিশাদ। অফ স্টাম্পের বাইরে পিচ করা ব্যাক অব লেন্থ বলটি তীব্র টার্ন করে ভেতরে ঢুকে আসে। আগেভাগে বিগ শটের সিদ্ধান্ত নেওয়া ওভারটন মিস করেন বলের লাইন। উইকেটকিপার ম্যাথু ওয়েড নিখুঁতভাবে বল ধরে বেল ভেঙে দেন।

১৫তম ওভারে আবার বোলিংয়ে ফিরে নিজের তৃতীয় উইকেট নেন রিশাদ। মিডল-লেগ লাইনে ফুলার লেন্থের লুপ করা বল টো-এন্ডে তুলে মারেন লুক উড। ডিপ মিডউইকেটে সীমানার কাছেই দাঁড়িয়ে থাকা ম্যাকডারমট তালবন্দি করেন ক্যাচ। তখন অ্যাডিলেডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৯৩। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়ে হোবার্টের জয়ের অন্যতম নায়ক বনে যান রিশাদ হোসেন।

লিয়াম স্কট অপরাজিত ৯১ রানের লড়াকু ইনিংস খেললেও তা অ্যাডিলেডকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। রিশাদের পাশাপাশি হোবার্টের হয়ে দুটি করে উইকেট নেন রাইলি মেরিডিথ ও নাথান এলিস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে হোবার্ট হারিকেন্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৭৮ রান। মিচেল ওভেন মাত্র ১৯ বলে ২ চার ও ৪ ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন। এ ছাড়া রেহান আহমেদ ২৯, স্যাথু ওয়েভ ২৭, নিক হোবসন ২৩ এবং ম্যাকালিস্টার রাইট ২০ রান যোগ করেন। এই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি রিশাদ।

এই জয়ে ৮ ম্যাচে ছয়টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে হোবার্ট হারিকেন্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত