উপদেষ্টা রিজওয়ানা বললেন

দায়িত্ব ছাড়ার পর কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম

দীর্ঘ সময়ের জঞ্জাল দেড় বছরের সরকারের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেছেন, ‘দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই।’

গতকাল শুক্রবার সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয়বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘৫৪ বছরের জঞ্জাল দেড় বছরের সরকারের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। এই সময়ে যতটুকু সম্ভব তা করা হয়েছে। তাই দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে কোনো সমস্যা নেই।’

এক বছরেই সব সংস্কার সম্ভব হলে নির্বাচনী সরকার পাঁচ বছর কেন নেয় এমন প্রশ্ন রেখে পরিবেশ উপদেষ্টা বলেন, জুলাই সনদে পরিবেশ ইস্যুকে উপেক্ষা করা হয়নি। অন্তর্বর্তী সরকার তার মেয়াদের কথা চিন্তা করে কেবল নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছয়টি প্রস্তাব নিয়ে জুলাই সনদ করেছে। তা ছাড়া, জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের রিপোর্টে পরিবেশ অধিদপ্তরে আলাদা ক্যাডারের মাধ্যমে নিয়োগের সুপারিশ করেছেন।

নিজ দপ্তরের কাজের বিষয়ে তিনি বলেন, ‘পলিথিন নিষিদ্ধের আইন ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটি বাস্তবায়ন করেছে, এটাই সংস্কার। সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা দেওয়ায় প্রাণবৈচিত্র্য ফিরেছে এটাও সংস্কার, কিন্তু কোনো পরিবেশবাদী এর পক্ষে দাঁড়ায়নি। চারটি নদী এবং ২০টি খাল দূষণকারী ৭৫০ শিল্প প্রতিষ্ঠানকে শনাক্ত করা হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থাগ্রহণ চলমান।’

এ ছাড়া বায়ুদূষণ রোধে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগগুলো তিন বছর বজায় রাখতে পারলে দূষণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলেও দাবি করেন উপদেষ্টা রিজওয়ানা।

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পান্থকুঞ্জ পার্কে র‌্যাম্প স্থাপন নিয়ে তিনি বলেন, র‌্যাম্প হওয়ার সিদ্ধান্ত ছিল বিগত সরকারের, র‌্যাম্প হবে না এই সিদ্ধান্ত বর্তমান সরকারের। আদালতও এই কাজে স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু পুরোটা বাতিল করলে অর্থনৈতিক ক্ষতি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাই পুরোপুরি বন্ধ করা কঠিন বলেও জানান রিজওয়ানা হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত