বিরোধপূর্ণ জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
গতকাল শনিবার দুপুরে উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত হানিফ ছৈয়াল (৭৫), তার স্ত্রী ফিরুজা খাতুন (৫০), শ্যালিকা রোকেয়া বেগম (৪০), ছেলে মিজানুর রহমান (২৫) ও আলী ইমামকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আপরকাঠি গ্রামের হানিফ ছৈয়ালের সঙ্গে সাগর ছৈয়ালের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সকালে বিরোধপূর্ণ জমিতে সাগর ছৈয়ালের ছেলে সজিব ছৈয়াল ও আশিক ছৈয়াল লোকজন নিয়ে আম ও হিজল গাছ কাটতে যান। এ সময় হানিফ ছৈয়ালের লোকজন বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাগর ছৈয়ালের দুই ছেলের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল হানিফ ছৈয়ালের বাড়িতে হামলা চালায়।
এ সময় হানিফ ছৈয়ালসহ তার পরিবারের সদস্যদের মারধর করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
