ফুটবল প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম

সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থিতা ফিরে পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আমার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে। এখন মার্কার জন্য আবেদন করতে পারব।  আমাদের পছন্দ ফুটবল মার্কা। আমরা সেটা নিয়ে আবেদন করব।’

গতকাল শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে শুনানিতে অংশ নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনকে কেন্দ্র করে এনসিপি ছাড়েন তাসনিম জারা। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন করেন তিনি। শুনানি শেষে ইসি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

তাসনিম জারা বলেন, গত এক সপ্তাহ নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। এ সময় দেশে ও বিদেশে অনেকেই শুভকামনা ও দোয়া জানিয়েছেন। রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় তাদের হতাশা ও কষ্টের কথা শুনেছি। তাদের সবাইকে ধন্যবাদ। জনসমর্থনে আগামী নির্বাচনে লড়াই করতে পারব প্রার্থী হিসেবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের যুক্তি মনোযোগ দিয়ে শুনেছে এবং ন্যায়সংগত সিদ্ধান্ত দিয়েছে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত