কাঠ পুড়িয়ে কয়লা তৈরি

যশোরে ৭৪ চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:১০ এএম

যশোরের অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ ৭৪টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে ভৈরব নদীর পার ঘেঁষে গড়ে ওঠা অবৈধ চুল্লি গুঁড়িয়ে দিতে খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মমতাজ বেগম বলেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবাধে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল। গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছিল। এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় ঝুঁকির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য। একইসঙ্গে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল পরিবেশ ও জীববৈচিত্র্য। এ অবস্থায় অবৈধ এসব চুল্লি উচ্ছেদের দাবি ছিল স্থানীয়দের। তিনি আরও বলেন, সিদ্দিপাশাতেই কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ২ শতাধিক চুল্লি রয়েছে। গতকাল অভিযানে প্রাথমিকভাবে ৭৪টি চুল্লি ভেঙে ফেলা হয়েছে। পরিবেশ দূষিত করে এ ধরনের ব্যবসা করার সুযোগ নেই। অবৈধ এ ব্যবসা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, অভয়নগরে ভৈরব নদের দুইপাশে সিদ্দিপাশা, প্রেমবাগ, চেঙ্গুটিয়া, চাঁদখালী ও পেরুলি গ্রামে রয়েছে শত শত চুল্লি। এসব চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। বিভিন্ন বনজ ও ফলদ গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছে। অনুমোদনহীন এবং জনবসতিপূর্ণ এলাকায় এসব কারখানা স্থাপন করায় স্থানীয়রা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত