ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:০২ এএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। আহতদের মধ্যে অনেকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সরাইবাড়ি গ্রামে তালুকদার গ্রুপ ও খাঁ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। তালুকদার গ্রুপের নেতৃত্ব দেন মফিজ তালুকদার এবং খাঁ গ্রুপের নেতৃত্ব দেন কবির খাঁ। তালুকদার গ্রুপের রুবেল শেখের সঙ্গে একই গ্রামের খাঁ গ্রুপের মৃত ছরোয়ার খাঁর ছেলে মিন্টু খাঁ ও শহিদ খাঁর জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত রবিবার বিকেলে ওই বিরোধপূর্ণ জমি নিয়ে রুবেল শেখের ভাই সুমন শেখ ও শহিদ খাঁর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে সুমন শেখ তার লোকজন নিয়ে মিন্টু খাঁ ও শহিদ খাঁর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। পরদিন সোমবার সকালে পুনরায় সুমন শেখ ও তার সহযোগীরা বিরোধপূর্ণ জমিতে নির্মিত শহিদ খাঁর বসতবাড়িতে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এরপরে গতকাল সকালে উভয় গ্রুপের লোকজন ঢাল, সরকি, রামদা, ইট-পাটকেল নিয়ে সকাল ৭টা থেকেই সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় পরে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এসে সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালিউর রহমান বলেন, ‘সকালে সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশে খবর দিই। পরে কয়েকজন ইউপি সদস্য ও পুলিশের সহযোগিতায় সংঘর্ষ থামাতে পারি। বর্তমানে সংঘর্ষ বন্ধ রয়েছে।’

ভাঙ্গা থানার ওসি মো. আব্দুল আলিম বলেন, তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ২০-২৫ জন আহত হন। সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত