মমতাজের ৪ বাড়ি ৪২৪ শতক জমি জব্দের আদেশ

সাইফুজ্জামানের ২৯৭ বাড়ি ৩০ অ্যাপার্টমেন্ট জব্দ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ এএম

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ঢাকা ও মানিকগঞ্জে ৪টি বাড়ি ও ৪২৪ শতক জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। মমতাজের জব্দ করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসে পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরে দোতলা দুটি বাড়ি, একই জেলা সদরে চারতলা একটি বাড়ি ও পূর্বাচলে ৯ কাঠা জমি। এ ছাড়া মানিকগঞ্জে ৫ শতাংশ, সিংগাইরে ৭ শতাংশ ও সিংগাইরে আরেক মৌজায় ৪১২ দশমিক ৫১ শতাংশ জমি। মানিকগঞ্জে পৈতৃক সূত্রে পাওয়া দোতলা বাড়ি বাদে এসব সম্পত্তির মূল্য ধরা হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা। গত বছরের ১৩ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। তিনি এখন কারাগারে আছেন।

এদিকে আওয়ামী লীগ সরকারের সময়ের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয়জনের নামে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫ শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে একই আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত। আরও যাদের শেয়ার অবরুদ্ধের আদেশ হয়েছে, তারা হলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবির সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি, মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী, আবুল কাসেম, নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল ও উৎপল পাল।

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দ : সাবকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা জাবেদের ১ কোটি ডলার ও ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫ শেয়ার অবরুদ্ধের আদেশ হয়েছে উচ্চ আদালত থেকে। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মশিউর রহমান এক আবেদনে জাবেদের বাড়ি অ্যাপার্টমেন্ট জব্দ ও ডলার অবরুদ্ধের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এসব বাড়ির মধ্যে যুক্তরাষ্ট্রে ৪০টি, থাইল্যান্ডে ২৩, মালয়েশিয়ায় ৪৭, দুবাইয়ে ৫৯, কম্বোডিয়ায় ১১৭, ভিয়েতনামে ৪টি বাড়ি, ৩০টি অ্যাপার্টমেন্ট, ভারতে ৯টি ও ফিলিপাইন ২টি বাড়ি রয়েছে। একই দিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে একই আদালত জাবেদসহ ছয়জনের নামে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫ শেয়ার অবরুদ্ধেরও আদেশ দেয়। যুক্তরাজ্যে বসবাস করা সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ এনে একাধিক মামলা করেছে দুদক ও সিআইডি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত