শরীয়তপুরে ঐতিহ্যবাহী জোড়া ইলিশের মেলা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ এএম

শরীয়তপুরের সদর উপজেলার মনোহর বাজারের কালীমন্দির মাঠে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে জোড়া ইলিশের মেলা। এতে ভোর থেকেই মাঠে চৌকি পেতে ডালায় ডালায় ইলিশ মাছ সাজিয়ে বসেন বিক্রেতারা। তার পাশেই বসে বেগুনসহ শাকসবজি, খেলনা, মিষ্টিসহ নানা খাবারের দোকান। কনকনে শীত উপেক্ষা করে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমে ওঠে পুরো এলাকা। মেলায় আসা সবাই ঘরে ফেরেন জোড়া ইলিশ আর জোড়া বেগুন নিয়ে। প্রতিবছর মাঘ মাসের প্রথম দিন বসে এই ঐতিহ্যবাহী জোড়া ইলিশের মেলা।

স্থানীরা জানায়, পদ্মার ছোট-বড় ইলিশ নিয়ে মাঘের প্রথম সকালে বসছে এই জোড়া ইলিশের মেলা। মেলায় দূরদূরান্ত থেকে আসে ক্রেতা বিক্রেতারা। ২০ থেকে ২৫ লাখ টাকার মাছ বিক্রি হয় মেলায়। জোড়া ইলিশ মাছ ঘরে নিয়ে রান্না করে আত্মীয়স্বজনকে খাওয়ানোর প্রথা আছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে। হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ দুর্গাপূজার পর ইলিশ মাছ খাওয়া বন্ধ করে দেন। পরবর্তী সময় পৌষসংক্রান্তির উৎসব উদযাপন শেষে ১ মাঘ দুটি ইলিশ মাছ, দুটি বেগুন, শাকসবজি ও মিষ্টি এই মেলা থেকে কিনে নিয়ে তা ধর্মীয় বিধি অনুযায়ী ঘরে তুলে নেন।

পাশাপাশি মুসলমানরা জোড়া ইলিশসহ বিভিন্ন পণ্য কিনে নেন মেলা থেকে। দুটি ইলিশ মাছ ক্রয় করে উৎসবটি উদযাপন করা হয়, তাই এটি জোড়া ইলিশের মেলা হিসেবে পরিচিত।

সুরঞ্জিত পোদ্দার, বাসুদেব দাসসহ কয়েকজন ক্রেতা বলেন, উৎসবমুখর পরিবেশে জোড়া ইলিশ ও জোড়া বেগুনসহ নানা পণ্য কিনতে পাওয়া যায় এই মেলায়। তাই সকাল সকাল মাছ কিনতে এসেছি। মেলায় আসা দর্শনার্থী খুকু মনি দাস ও অর্পা সাহা বলেন, মেলায় ঘুরতে এসেছি। মিষ্টি খেয়েছি, খেলনা কিনেছি। খুবই আনন্দ লাগছে। 

মেলায় মাছ বিক্রেতা মনির দাস বলেন, তিন ধরনের ইলিশ মাছ বিক্রি করছি। এর মধ্যে এক কেজির বড় ইলিশ দাম ৩২০০ থেকে ৩৫০০ টাকা, মাঝারি কেজিতে ২-৩টা ইলিশের দাম ১৫০০ থেকে ২২০০ টাকা এবং ছোট ইলিশ ৮০০ থেকে ১১০০ টাকা কেজি বিক্রি করছি। ক্রেতারা আমার থেকে জোড়া ইলিশ কিনছেন। বেচাবিক্রি খুবই ভালো, আর ভালো দামে বিক্রি করছি। আমি গত ৩০ বছর যাবৎ এই মেলায় জোড়া ইলিশ বিক্রি করি।

জোড়া ইলিশের মেলার আয়োজক সুজিত দাস বলেন, প্রতিবছর মাঘের প্রথম দিনে এই মেলার আয়োজন করা হয়। ২০০ বছর যাবৎ আমরা ও এলাকাবাসী এই মেলার আয়োজন করে আসছি। মেলায় ২০ থেকে ২৫ লাখ টাকার ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত