মায়ের হাত ধরে বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ফাতেমা নামে পাঁচ বছরের এক শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা (৫) তিনগাঁও গ্রামের হাসেমের মেয়ে। সে স্থানীয় ‘এবার গ্রিন কিন্ডারগার্ডেন’-এর ছাত্রী। প্রতিদিনের মতো গতকাল সকালেও মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছিল ফাতেমা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীবাড়ি এলাকার সড়কের পাশে রিকশার জন্য অপেক্ষা করছিল মা-মেয়ে। এ সময় দ্রুতগতির একটি ট্রাক এসে হঠাৎ ফাতেমাকে ধাক্কা দেয়। প্রচ- আঘাতে শিশুটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে সেখানে মানুষের ভিড় জমে ওঠে। সন্তানের নিথর দেহ জড়িয়ে ধরে ফাতেমার মা বারবার মূর্ছা যাচ্ছিলেন। তার কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে, রাজবাড়ীর পাংশায় ব্যাডমিন্টন খেলা শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সজীব প্রামাণিক (১৮) ও মিরাজ (১৮) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা সরদার বাসস্ট্যান্ডসংলগ্ন একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব প্রামাণিকের বাড়ি পাংশা শহরের কোড়াপাড়া গ্রামে। তার বাবার নাম মো. সাইদুল প্রামাণিক। আর মিরাজ শেখ একই গ্রামের মো. ইব্রাহিম শেখের ছেলে। তারা দুজনই গত বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

জানা যায়, সজীব ও মিরাজ মোটরসাইকেল নিয়ে শহরের বিষ্ণুপুর এলাকায় ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন। খেলা শেষে মোটরসাইকেল যোগেই তারা বাড়ি ফিরছিলেন। এ সময় তারা গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আরোহীই নিহত হয়েছেন। তাদের  মোটরসাইকেলটি নম্বরবিহীন ছিল। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঋষি মজুমদার নামে তিন মাস বয়সী এক শিশু নিহত ও অন্য ছয়জন আহত হয়েছেন। নিহত শিশু মাহেন্দ্র গাড়ির যাত্রী ছিল। সে জোয়ারিয়া গ্রামের রায়মোহন মজুমদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সড়কের জোয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্রটি কোটালীপাড়ার মাছবাড়ি থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিল এবং ইজিবাইকটি টুঙ্গীপাড়ার দিক থেকে কোটালীপাড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই গাড়ির সাত যাত্রী আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত