গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পুকুরে মাছ ব্যবসায়ীদের ফেলা জালে ‘ককটেল’ ভর্তি ব্যাগ উঠে এসেছে। গতকাল সকাল পৌনে ৯টার দিকে মাওনা বাজার এলাকায় পিয়ার আলী কলেজের পেছন দিকের পুকুরে ব্যাগভর্তি ছয়টি ককটেল পাওয়া যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে ঘটনাস্থল ঘিরে রাখে। বিকেলে ককটেলগুলা নিষ্ক্রিয় করেন বোম ডিসপোজাল টিমের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাওনা পিয়ার আলী সরকারি কলেজের পেছনের পুকুরে জেলেরা মাছ ধরতে জাল ফেলেন। বেশ কয়েকবার জাল টানার শেষ দিকে জালে ভারী কিছু আটকা পড়ে। জেলেরা মনে করেন, বড় কোনো মাছ পড়েছে জালে। কিন্তু জাল পুকুরের কিনারে ভেড়ালে জেলেরা ভয়ে আঁতকে ওঠেন। তারা ব্যাগ খুলে লাল রঙের বোমা পান। পরে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। তারা এসে সাবধানে ব্যাগ খুলে ছয়টি ককটেল উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা ওয়াসিম জামান বলেন, এতগুলো ককটেল পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামনে ইলেকশন। কোনো একটি মহল নিজের আধিপত্য ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতেই অস্ত্র আর ককটেল জড়ো করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলে কোনো অরাজকতা সৃষ্টি করতে পারবে না।
পুকুরের ইজারাদার জাহাঙ্গীর আলম জানান, জেলেরা মাছ মনে করেছিল। তবে ব্যাগ খুলতেই ককটেল পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। তারা এসে এগুলো নষ্ট করে দেন। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবার মধ্যে একটা ভয় কাজ করছে।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী খান বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সজাগ আছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ককটেল রাখার সঙ্গে জড়িত কউকেই এখনো শনাক্ত করা যায়নি।’
