কক্সবাজারের টেকনাফে বিজিবির সশস্ত্র বাধার মুখে দুই লাখ ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়েছে মাদক পাচারকারীরা।
গতকাল শনিবার রাত ৩টার দিকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, ১৭ জানুয়ারি রাত ৩টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে দেখতে পেয়ে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবি টহল দলের দিকে তিনটি গুলিবর্ষণ করে। জবাবে বিজিবিও তাদের দিকে একটি গুলি করে। বিজিবির সশস্ত্র বাধার মুখে চোরাকারবারিরা সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
