শেরপুর-২ আসন

প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরী

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। রবিবার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল বোর্ডে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে আপীল বোর্ড।

ফলে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না ফাহিম চৌধুরীর। এদিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে ফাহিম চৌধুরীর নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে উচ্ছ্বাস প্রকাশসহ বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

মনোনয়ন জটিলতা শেষে বৈধতা পাওয়ার পরপরই ফাহিম চৌধুরী তার নির্বাচনী এলাকা নিজ বাড়ি নকলার উদ্দেশ্যে রওনা করেন বলে জানিয়েছেন একান্ত সহকারী। দ্বৈত নাগরিকত্বের মনোনয়ন জটিলতার বিষয়ে ফাহিম চৌধুরীর সাথে কথা হলে তিনি বলেন, আমি যথাসময়ে সকল কাগজপত্র জমা দিয়ে আপীল করেছি। যাচাই-বাছাই করতে সময় নিয়েছিল আপীল বিভাগ। যাচাই-বাছাই শেষে রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় দিয়েছে আপীল বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত