বরিশাল-৬

চরমোনাই পীরের আসনে প্রার্থী দেবে না জামায়াত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সৌজন্যে বরিশাল-৬ আসনে প্রার্থী দেবে না জামায়াতে ইসলামী। রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এই সিদ্ধান্ত জানান।

আগামী নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচন করবেন চরমোনাই পীর। আবদুল্লাহ মো. তাহের বলেন, সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের একটি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। সৌজন্যতা দেখিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে।

উল্লেখ্য, এবার ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে নেওয়ার লক্ষ্যে জামায়াতের সঙ্গে যে দলগুলোর নির্বাচনী ঐক্যের আলোচনা ছিল, সেখানে সামনের দিকে ছিল ইসলামী আন্দোলন।

তবে সম্প্রতি ইসলামপন্থী দলগুলোর এই নির্বাচনে ঐক্যে যোগ দেয় এনসিপি। কিন্তু আসন সমঝোতা নিয়ে মতবিরোধের কারণে জোটে না গিয়ে আলাদা নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত