তারেক রহমানের গাড়িতে টেপ মারা সাদা খাম, তদন্ত করছে পুলিশ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে পালিয়েছেন এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন।

গত বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) ছিল। তবে ঘটনাটি প্রকাশ পায় রবিবার। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

তবে সংশ্লিষ্ট সূত্র দেশ রূপান্তরকে বলেন, জানতে পেরেছি কোন এক ভক্ত বিএনপির পরামর্শক হিসেবে তারেক রহমানের সঙ্গে দেখা করতে চায়।

এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। কিন্তু রবিবার রাত পর্যন্ত ওই মোটরসাইকেল কিংবা চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। এবিষয়ে জানতে একাধিকবার গুলশান থানার ওসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল ফোন রিসিভ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালক এসে বিএনপি চেয়ারম্যানের গাড়িতে স্কচটেপ দিয়ে একটি খাম লাগিয়ে চলে যায়। ওই সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে ফুটেজ স্পষ্ট নয়। ওই খাম পুলিশের কাছে দেওয়া হয়নি। সিএসএফের কাছে রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ডিএমপির গুলশান জনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ দেশ রূপান্তরকে বলেন, গত কয়েকদিন আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এক শুভাকাঙ্ক্ষী তার সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে একটি চিঠিতে তার কথাগুলো লিখে গাড়িতে ঝুলিয়ে রেখে গেছে। তবে ওই চিঠিতে কি লেখা ছিল এটা জানতে পারিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত