মাদারীপুরের ডাসারে জমিজমা নিয়ে বিরোধের জের ও আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক আব্বাস চৌধুরী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রবিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্বাস ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে। এর আগে ১৪ জানুয়ারি সকালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ফের উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×
