নাইজেরিয়ার গির্জা থেকে ১৬৩ প্রার্থনাকারী অপহৃত

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাদুনা রাজ্যের কুরমিন ওয়ালিতে একসাথে তিনটি চার্চে হামলা চালিয়ে ১৬৩ প্রার্থনাকারীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। স্থানীয় আইনপ্রণেতা উসমান দানলামি স্টিঙ্গোর সূত্রে সোমবার (১৯ জানুয়ারি) জানা গেছে, হামলার সময় ইভাঞ্জেলিকাল চার্চ, চেরুবিম ও সেরাফিম চার্চ এবং একটি ক্যাথলিক চার্চে প্রার্থনা চলছিল। 

প্রাথমিকভাবে ১৭২ জন নিখোঁজ ছিলেন, যাদের মধ্যে ৯ জন ফিরে এসেছে। এখনও ১৬৩ জনের অবস্থান অজানা। কাদুনা পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা এই ঘটনার কোনো প্রমাণ পাননি বলে দাবি করেছেন। রাজ্যের পুলিশ কমিশনার মুহাম্মদ রাবিউ জানিয়েছেন, এখন পর্যন্ত অপহরণের কোনো প্রমাণ তাদের কাছে নেই। অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার সুলে শাউইবুও এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, নাইজেরিয়ায় অপহরণ এখন ‘লাভজনক পেশা’ হিসেবে গড়ে উঠেছে। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুনের মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায় ১৬ লাখ ৬০ হাজার ডলার মুক্তিপণ আদায় করেছে।

সাম্প্রতিক নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠীর ওপর সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশটিতে জমি ও প্রাকৃতিক সম্পদ সংক্রান্ত বিরোধের কারণে দীর্ঘদিন ধরেই জাতিগত ও ধর্মীয় অস্থিরতা বিরাজ করছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে মুক্তিপণের জন্য গণ-অপহরণের ঘটনা সাধারণ হয়ে দাঁড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত