কাতারে ফিলানিসিমাকে ঘিরে মার্চ ফুটবল উৎসব

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ এএম

লুসাইল স্টেডিয়াম; এই মঞ্চেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছুঁয়েছিলেন লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিবহ স্টেডিয়াম আবারও সাক্ষী হতে যাচ্ছে আরেকটি ফুটবল মহারণের। আগামী ২৭ মার্চ আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। এই ম্যাচকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হবে কাতার ফুটবল ফেস্টিভাল ২০২৬, যেখানে মেসি ও লামিন ইয়ামালের সঙ্গে দেখা যাবে মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকেও।

ফুটবল ইভেন্টসের লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি) এলওসি চেয়ারম্যান শেখ হামাদ বিন খলিফা আল থানি বলেন, ‘ফিফা বিশ্বকাপের আগে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তারকাদের আতিথেয়তা দিতে এবং বৈশ্বিক ফুটবল সম্প্রদায়কে আবারও স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’ তিনি আরও যোগ করেন, ‘এই ফেস্টিভ্যাল বিশ্বমানের অভিজ্ঞতা দেওয়ার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন এবং বৈশ্বিক ফুটবলে কাতারের বিশ্বস্ত অংশীদার হিসেবে অবস্থানকে আরও দৃঢ় করে।’ আর্জেন্টিনা, স্পেন ছাড়াও খেলবে সৌদি আরব, মিসর, সার্বিয়া ও কাতার।

বিশ্বকাপের আগে ম্যাচগুলো সবার জন্য প্রস্তুতির অংশ হিসেবেও দাঁড়াচ্ছে। টিকিট বিক্রি শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। আন্তর্জাতিক সমর্থকদের জন্য ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ভিজিট কাতার ও কাতার এয়ারওয়েজের অংশীদারত্বে এক্সক্লুসিভ ভ্রমণ প্যাকেজ পাওয়া যাবে।

আন্তর্জাতিক ৭ ম্যাচের সূচি

২৬ মার্চ : মিসর-সৌদি আরব (আহমাদ বিন আলি)

কাতার-সার্বিয়া (জাসিম বিন হামাদ)

২৭ মার্চ : আর্জেন্টিনা-স্পেন (লুসাইল)

৩০ মার্চ :মিসর-স্পেন (লুসাইল)

সৌদি আরব-সার্বিয়া (জাসিম বিন হামাদ)

৩১ মার্চ : কাতার-আর্জেন্টিনা (লুসাইল)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত