ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের জমি এবং তার স্ত্রী কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক পিয়াস পালের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। গত বছরের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।
মামলার অভিযোগে জানা যায়, দুটি মামলায় কামরুন নাহারের নামে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
