জুলাই-আগস্টে অভ্যুত্থান

পেছাল চানখাঁরপুল হত্যাকান্ডের রায়ের তারিখ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ এএম

গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের নতুন তারিখ ধার্য হয়েছে। গতকাল মঙ্গলবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে, রায় প্রস্তুত না হওয়ায় ২৬ জানুয়ারি নতুন করে দিন ধার্য করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর আগে গত ২৪ ডিসেম্বর এ মামলায় যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করে ট্রাইব্যুনাল।

এর মাধ্যমে জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় কোনো মামলা রায়ের পর্যায়ে আসে। গত বছরের ১১ আগস্ট এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

চানখাঁরপুল হত্যাকান্ডের মামলার আসামিরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, পুলিশের রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাবেক এসি (সহকারী কমিশনার) মো. ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আরশাদ, সুজন, ইমন ও নাসিরুল।

গত বছরের ২৫ মে এ হত্যা মামলার আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয় ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানকালে রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়।

তারা হলেন শহীদ শাহরিয়ার খান আনাস, শহীদ শেখ মাহদি হাসান জুনায়েদ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মো. রাকিব হাওলাদার, শহীদ মো. ইসমামুল হক ও শহীদ মানিক মিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত