সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে সাবিনা খাতুনরা জয়ের ধারা অব্যাহত রেখেছে। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুড়ি হলে বুধবার চতুর্থ ম্যাচ খেলতে নেমে তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারী ফুটসাল দল। শুরুতে ২ গোলে পিছিয়ে গেলেও প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখে সাবিনা-কৃষ্ণারা ৬-৩ ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে। এই জয়ের চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। পরের দুই ম্যাচে পাকিস্তান ও মালদ্বীপকে হারালে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতবে বাংলাদেশের মেয়েরা।
অধিনায়ক সাবিনা খাতুন এ ম্যাচেও ফর্মের প্রমাণ রেখে ২ গোল করার পাশাপাশি সতীর্থদের গোলে অবদান রাখেন। কৃষ্ণারানী সরকারও করেন জোড়া গোল। এছাড়া মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন একটি করে গোল করেন। আগের ম্যাচগুলোর মতো এ ম্যাচেও পোস্টে দৃঢ়তা দেখিয়েছেন বাংলাদেশ কিপার ঝিলি। দুর্দান্ত বেশ কিছু সেভ করে দলের জয়ে ভূমিকা রাখেন তিনি।
ধারার বিপরীতে ম্যাচের ১৩ মিনিটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। বাংলাদেশ কিপারকে চমকে দিয়ে গোল করেন শানু পাসকারান। চার মিনিট বাদেই ইমেশা ব্যবধান বাড়ান শ্রীলঙ্কার। জোড়া আঘাত সামলে বাংলাদেশ ঘুরে দ্রুতই। ১৮ মিনিটে কৃষ্ণার সঙ্গে দুবার বল দেওয়া-নেওয়া করে নিখুঁত শটে গোল করেন সাবিনা। প্রথমার্ধের শেষ মিনিটে বাইলাইনের ওপর থেকে কৃষ্ণার কাটব্যাক থেকে সাবিনা ফের জালের দেখা পেলে ২-২ সমতায় বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফেরার পর বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলে চেয়েছে এগিয়ে যেতে। তাদের অপেক্ষার ইতি ঘটে ২৯ মিনিটে। সাবিনার কর্নার গোলমুখে এলে সুমাইয়া দ্রুত বাম পায়ের প্লেসিংয়ে জাল কাঁপান। এরপর ৩৬ মিনিটে কৃষ্ণা গোলের দেখা পান সাবিনার সহায়তায়। অধিনায়কের আলতো পাস খুঁজে নেয় ফাঁকায় থাকা কৃষ্ণাকে। এই ফরোয়ার্ড আলতো টোকায় বল পৌঁছে দেন জালে। দুই মিনিট পর মাসুরার দূরপাল্লার শটে জাল কাঁপালে বাংলাদেশ এগিয়ে যায় ৫-২ গোলে। আর ম্যাচ শেষের ১৬ সেকেন্ডে কৃষ্ণা করেন নিজের দ্বিতীয় গোল। এবারও সাবিনার সহায়তায় অসাধারণ গোল করেন কৃষ্ণা। ম্যাচ শেষ হওয়ার এক সেকেন্ড আগে অবশ্য ইমেশা দূর থেকে আচমকা শটে গোল করে হারের ব্যবধান কেবল কমিয়েছেন শ্রীলঙ্কার।
চার ম্যাচে অপরাজিত থাকা বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। সাবিনাকে দিয়ে জোড়া গোল করানো কৃষ্ণা বলেছেন, ‘খুব কঠিন ম্যাচ ছিল। প্রয়োজন ছিল দলবদ্ধ হয়ে খেলা। স্কোর করেছি এবং করিয়েছি। আমাদের তিন পয়েন্ট প্রয়োজন ছিল। সেটা আমরা পেয়েছি। দলের সবাই ভালো আছে। পরের ম্যাচে আমরা মনোযোগ দিচ্ছি। লক্ষ্য থাকবে যাতে শেষ দুইটা ম্যাচে পূর্ণ পয়েন্ট আনতে পারি এবং লক্ষ্য পূরণ করতে পারি।’
