উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে স্বাচ্ছন্দ্যের জয় পেয়েছে লিভারপুল, আর হ্যারি কেইনের জোড়া গোলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। মার্সেইকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে লিভারপুল এগিয়ে গেছে সরাসরি নকআউট পর্বের খুব কাছে, অন্যদিকে বেলজিয়ান চ্যাম্পিয়ন ইউনিয়ন সাঁ-জিলোয়ার বিপক্ষে ২-০ জয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা।
ভেলোদ্রোমে আর্না সøটের লিভারপুল দাপট দেখায় ম্যাচের শুরু থেকেই। প্রথমার্ধের শেষ মুহূর্তে ডমিনিক সবোসলাইয়ের বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে লিড নেয় ছয়বারের ইউরোপসেরা দলটি। দেয়ালের নিচ দিয়ে নেওয়া শট নিয়ে ম্যাচ শেষে হাঙ্গেরিয়ান মিডফিল্ডার বলেন, ‘হোমওয়ার্ক করেছিলাম। কেউ শুয়ে না থাকলে বলটা নিচ দিয়েই নেওয়া যায় চেষ্টা করেছি, কাজ হয়েছে।’
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ে ৭২ মিনিটে, জেরেমি ফ্রিম্পংয়ের ক্রস গোলরক্ষক জেরোনিমো রুল্লির গায়ে লেগে জালে জড়ায়। যোগ করা সময়ে বদলি হিসেবে নামা কোডি গাকপো তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। আফ্রিকা কাপ অব নেশনস শেষে দলে ফেরা মোহাম্মদ সালাহ গোল না পেলেও পুরো ম্যাচেই ছিলেন সক্রিয়।
এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের অপরাজিত ধারা দাঁড়াল ১৩ ম্যাচে ৩৬ দলের লিগ টেবিলে তারা উঠেছে চতুর্থ স্থানে। আগামী সপ্তাহে অ্যানফিল্ডে কারাবাগকে হারাতে পারলেই সরাসরি শেষ ষোলো নিশ্চিত হবে।
কেইনের নৈপুণ্যে বায়ার্নের টিকিট : অন্যদিকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হ্যারি কেইনের জোড়া গোলে ইউনিয়ন সাঁ-জিলোয়ার বিপক্ষে ২-০ জয় পায় বায়ার্ন মিউনিখ। বিরতির পরপরই হেডে গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার। ৫৫ মিনিটে নিজেই আদায় করা পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান তিনি। পরে কিম মিন-জায়ের লাল কার্ডে ১০ জনে নেমেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বায়ার্ন। শেষদিকে আরেকটি পেনাল্টি মিস করে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করলেও চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সাত ম্যাচে কেনের গোল এখন সাতটি।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ আটে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা, টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গী হয়ে।
অন্য ম্যাচগুলোতে : সেন্ট জেমস পার্কে পিএসভিকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষ আটে অবস্থান ধরে রেখেছে নিউক্যাসল ইউনাইটেড। চেলসি স্ট্যামফোর্ড ব্রিজে পাফোসকে ১-০ গোলে হারিয়ে অষ্টম স্থানে উঠেছে। বার্সেলোনা পিছিয়ে পড়েও সøাভিয়া প্রাগকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলোর লড়াইয়ে টিকে আছে। আতলেতিকো মাদ্রিদ গালাতাসারায়ের সঙ্গে ১-১ ড্র করেছে, আতালান্তা ঘরে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরে শীর্ষ আটের সম্ভাবনায় ধাক্কা খেয়েছে। জুভেন্টাস বেনফিকাকে ২-০ হারিয়ে টানা তৃতীয় ইউরোপীয় জয় পেয়েছে।
লিগপর্বের শেষ রাউন্ডের সব ১৮টি ম্যাচ একসঙ্গে অনুষ্ঠিত হবে আগামী বুধবার, ২৮ জানুয়ারি।
