যশোরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩০ হাজার ভোটার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৩০ হাজার ১৮০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে যশোর কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১২৯ জন বন্দি।

এদিকে জেলার ৮২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৭১টিকে ‘অতি গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে জেলা নির্বাচন অফিস। এসব কেন্দ্রে বাড়তি নজরদারিসহ জেলার ছয়টি সংসদীয় আসনে ৮২৪টি ভোট কেন্দ্রে স্থাপন করা হবে সিসি ক্যামেরা। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে থাকবে আধুনিক ‘বডি ওর্ন ক্যামেরা’।

নির্বাচন অফিস সূত্রমতে, যশোর জেলায় মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ জন, নারী ভোটার ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৫ জন। জেলার ৮২৪টি ভোটকেন্দ্রে ভোটারদের ভোট গ্রহণ করা হবে।

যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জেলায় এ জন্য মোট ৩০ হাজার ২২৮টি আবেদন জমা পড়লেও যাচাই-বাছাই শেষে ৪৮টি আবেদন বাতিল করা হয়েছে। ফলে ৩০ হাজার ১৮০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ৬৪৩ জন এবং নারী ভোটার ৫ হাজার ৫৩৭ জন। তিনি আরও জানান, প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছে সরকার। এর অংশ হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ জন বন্দি এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

যশোর কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে অতিরিক্ত দায়িত্বরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদ আহমেদ জানান, যেসব কারাবন্দি নিবন্ধন করেছেন তাদের জন্য প্রার্থী ও প্রতীক সংক্রান্ত তথ্য সংবলিত বুকলেট সরবরাহ করা হবে। কারাগার থেকে তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন। পরবর্তীতে তাদের ব্যালট খামে ভরে ডাক বিভাগের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিবন্ধিত কোনো বন্দি জামিনে মুক্তি পেলে তাকেও পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে।

জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র আবুল বাশার বলেন, এবার জেলায় ৮২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৭১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে থাকবে আধুনিক বডি ওর্ন ক্যামেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত