গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম

আট দফা দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিল্প-পুলিশের ১০ সদস্য ও অর্ধশতাধিক শ্রমিক আহত হন। গতকাল শনিবার গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় যমুনা ডেনিমস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা বলেন, ‘আমাদের আট দফা দাবি ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা না মেনে পুলিশ এনে আমাদের ওপর টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শ্রমিকরা তাদের দাবি তুলে ধরে বলেন, কারখানার পরিচালক কাজল কান্তির পদত্যাগ, বার্ষিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে এবং পরবর্তী বার্ষিক ছুটির টাকা ডিসেম্বর মাসে দিতে হবে। টিফিন বিল ৫০ এবং রাত ১০টার পর ডিউটি করানো হলে নাইট বিলের ১৫০ টাকা দিতে হবে। হাজিরা বোনাস হেলপার থেকে অপারেটর সবাইকে ১ হাজার ও প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ এবং যদি ৭ তারিখ শুক্রবার হয় তাহলে ৬ তারিখে পরিশোধ করতে হবে। জরুরি প্রয়োজনে ছুটি মঞ্জুর করতে হবে। ফ্লোরে কোনো স্টাফ শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ এবং বাজে ভাষায় গালাগাল করতে পারবেন না। যদি কোনো শ্রমিক কারখানার স্টাফের বিরুদ্ধে রিপোর্ট দেন, তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই আন্দোলনে শ্রমিক এবং স্টাফের ওপর কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না এবং চাকরি থেকে বহিষ্কার করা যাবে না।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বেলা ১১টার দিকে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিস সাঁটিয়ে দেয়।

কোনাবাড়ী থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, কোনো কিছু বুঝে ওঠার আগে শ্রমিকরা রাস্তার ওপরে অবস্থান করেন। পরে শ্রমিকরা পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ ও ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্প-পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত