লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে হাতীবান্ধায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গতকাল রবিবার বিকেলে হাতীবান্ধা বাজারসংলগ্ন কসাইটারি এলাকায় বিএনপি ও জামায়াতের পৃথক দুটি দল নির্বাচনী প্রচারণা চালানোর সময় আধিপত্য বিস্তার ও সেøাগানকে কেন্দ্র করে প্রথমে বাগ্বিত-া শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষের কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপির দাবি, শান্তিপূর্ণ প্রচারণায় জামায়াতের কর্মীরা হামলা চালিয়েছে। অন্যদিকে জামায়াতের অভিযোগ, বিএনপির কর্মীরা উসকানিমূলক সেøাগান দিয়ে সংঘর্ষের সূত্রপাত করে। ঘটনার জন্য উভয় দল একে অপরকে দায়ী করেছে। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাতীবান্ধা থানার ওসি বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তারা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
