নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে প্রকাশ্যে অশ্লীল ও নারীবিদ্বেষী বক্তব্য দেওয়ার দায়ে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেই রঞ্জিত কুমার সরকারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ জানুয়ারি বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের কড়ইতলায় নির্বাচনী সভায় বিএনপি নেতা রঞ্জিত কুমার সরকার তার নিজ দলের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেন। মুহূর্তেই ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।
