ইসি সানাউল্লাহ

৪ শতাধিক পিস্তল এখনো অধরা উদ্বেগে ইসি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম

হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে অগ্রগতি থাকলেও চার শতাধিক পিস্তল এখনো উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এই অস্ত্রগুলো এখনো বাইরে থাকাটা নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে।

সানাউল্লাহ বলেন, এখনো চার শতাধিক পিস্তল উদ্ধার হয়নি। এটা অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে আশার কথা হলো, গত ১৩ ডিসেম্বর থেকে ‘ডেভিল হান্ট-ফেজ টু’ শুরু হওয়ার পর পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।

কর্মকর্তাদের শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ : ত্রয়োদশ সংসদ নির্বাচনে কর্মকর্তাদের শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। গতকাল সকাল সাড়ে ৯টায় নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে সভার শুরুতে তিনি নির্বাচনকালীন সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য শুনেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত