নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন সিকদারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. হেলাল উদ্দিন বুধবার নোটিশ দেন।
একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশার পক্ষ থেকে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ শো-কজ করা হয়।
ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটির চেয়ারম্যানের স্বাক্ষরে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামী প্রার্থী তার প্রচার গাড়িতে ও বিভিন্ন জায়গায় ২০টির অধিক পিভিসিতে প্রিন্ট করা বিলবোর্ড ব্যবহার করেছেন। এ ছাড়া প্রচারণার কাজে ১২টি মাইক ব্যবহার করেছেন। যাতে নির্বাচনী আচরণ বিধি ৭ এর (খ) এবং ১৭ এর (১) ধারা লংঘিত হয়েছে।
অভিযোগের বিষয়ে আগামী ৩১ জানুয়ারি ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে (সিনিয়র সিভিল জজ, সন্দ্বীপ চৌকি আদালত) সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য জামায়াত প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়।
