ইতালিতে আছে এমন এক রহস্যময় ভুতুড়ে দ্বীপ, যা নিয়ে প্রচলিত রয়েছে নানা লোমহর্ষক ঘটনা। দ্বীপের নামটাও ভয়ংকর, ‘মৃত্যু দ্বীপ’। তবে এর আসল নাম ‘পোভেগ্লিয়া আইল্যান্ড’। এটি ইতালির শহর ভেনিস এবং লিডোর মধ্যে ভেনিস উপসাগরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে, এই দ্বীপে যে যায় সে আর জীবিত ফিরে আসে না। দ্বীপটি এখন জনশূন্য। কেউই থাকে না সেখানে। এমন নানা অলৌকিক কাহিনি আবর্তিত এ দ্বীপটি ঘিরে। বহু বছর আগে ইতালিতে ভয়াবহ প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। মহামারী থেকে বাঁচতে ভয়ংকর কাণ্ড ঘটায় ইতালি সরকার। প্রায় ১ লাখ ৬০ হাজার প্লেগরোগীকে পোভেগ্লিয়া আইল্যান্ডে নিয়ে এসে জীবন্ত পুড়িয়ে মারে। এরপর ‘ব্ল্যাক ফিভার’ নামে আরেকটি রোগ ছড়িয়ে পড়ে ইতালিতে। এই রোগেও প্রচুর সংখ্যক মানুষ প্রাণ হারান। কথিত আছে, সেই সব মৃতদেহও এই দ্বীপে সমাধিস্থ করা হয়েছিল। তারপর থেকে এই দ্বীপের আশপাশের মানুষজন দ্বীপে ‘অদ্ভুত শব্দ’ শুনতে শুরু করেন। এখানকার লোকেরা দ্বীপে ‘আত্মার’ উপস্থিতি বুঝতে পারেন এবং লোকেরা এই দ্বীপে যাওয়া বন্ধ করে দেন। চিকিৎসকরা জানান, ‘মৃত্যু দ্বীপে’ তারা অনেক অস্বাভাবিক জিনিস দেখতে পান। এমনকি রোগীদের আত্মীয়-স্বজনরাও বহুবার ‘আত্মা’র উপস্থিতির কথা জানান। এরপর সরকার দ্রুত হাসপাতাল বন্ধ করে দেয়। সম্প্রতি ভেনিস সরকার দ্বীপটিকে পুনরায় জনবহুল করার চেষ্টা করছিল। বিভিন্ন প্রতিষ্ঠানও স্থাপন করা হয় সেখানে। কিন্তু রহস্যময় কারণে কোনো প্রতিষ্ঠানই বেশিদিন টিকে থাকেনি দ্বীপটিতে। সব মিলিয়ে রহস্যজনক কারণে আজও দ্বীপটি জনশূন্য, সেখানে যাওয়াও বন্ধ রয়েছে।
