সাবালেঙ্কা-রিবাকিনা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ এএম

২০২৩ সাল ফিরে আসছে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে ফাইনালে। তিন বছর আগের সেই ফাইনালের মতো এবারও যে মুখোমুখি আরিনা সাবালেঙ্কা ও ইয়েলেনা রিবাকিনা। তিন বছর আগে রড লেভার অ্যারেনায় কাজাখস্তানের রিবাকিনাকে হারিয়েই প্রথম গ্র্যান্ড সøাম জিতেছিলেন বেলারুশের সাবালেঙ্কা।

এরপর এ নিয়ে টানা চারবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন সাবালেঙ্কা। প্রথম সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সিতোলিনাকে হারিয়েছেন তিনি। ইউক্রেন-বেলারুশ বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে এই ম্যাচ নিয়ে আগ্রহের পারদ চড়েছিল বেশ। তবে কোর্টে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। সাবালেঙ্কা ১ ঘণ্টা ১৬ মিনিটেই জিতে গেছেন ৬-২, ৬-৩ গেমে।

তুলনায় দ্বিতীয় সেমিফাইনালটা জমজমাটই ছিল। যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৬-৩, ৭-৬ (৯/৭) গেমে হারিয়েছেন কাজাখস্তানের রিবাকিনা। নাটক অবশ্য সব হয়েছে রিবাকিনা দ্বিতীয় সেটে ৫-৩ গেমে এগিয়ে যাওয়ার পর। ৯ নম্বর গেমে রিবাকিনা ম্যাচ পয়েন্টের সুযোগ পেয়ে গিয়েছিলেন। তবে পেগুলার সার্ভিসে সেই সুযোগ হারান রিবাকিনা। ফাইনাল হবে আগামীকাল শনিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত