গাইবান্ধায় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দেশীয় অস্ত্রসহ মিলন মিয়া (৪৫) নামের এক বিএনপির নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা। এর আগে বৃহস্পতিবার রাতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মিলন মিয়ার বাড়ি একই উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে। মিলন মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তার দলীয় পরিচয় নিশ্চিত করেন সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম।  তার বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ জানায়, রাতে যৌথবাহিনীর সদস্যরা মিলন মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান করে। এ সময় তাঁকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশী করা হলে চারটি রাম দা, একটি চাইনিজ কুড়াল ও একটি বড় ছুরি জব্দ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, ভয়ভীতি ও নাশকতা ঠেকাতে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যৌথ বাহিনী নিয়মিত তল্লাশি ও অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, আটক মিলন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত