চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবদুর রহমান নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত আবদুর রহমান (৭০) নগরের আগ্রাবাদ পূর্ব মহুরীপাড়ার বাসিন্দা ও ২৪নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
এবিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, দুই মাস আগে কারাগারে আসেন আবদুর রহমান। তার মূল সমস্যা ছিল ফুসফুসের ক্যান্সার। কারাগারে আসার পর থেকে তিনি প্রায়ই হাসপাতালে ছিলেন। শনিবার তিনি মারা গেছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মারামারি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা একটি মামলার আসামি হিসেবে পুলিশ আবদুর রহমান মিয়াকে গ্রেপ্তার করে। গেল বছর ১৭ নভেম্বর তিনি কারাগারে আসেন। ২৪ ডিসেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিন সপ্তাহ চিকিৎসার পর ১৮ জানুয়ারি তাকে কারাগারে ফেরত পাঠানো হয়। এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে গত ২৬ জানুয়ারি তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
